লালমনিরহাট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদ্যুতিক ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দুটি গ্রাম পাঁচদিন ধরে বিদ্যুৎহীন রয়েছে।
ফলে রাত হতে না হতেই উপজেলা সদরের টংভাঙ্গা ও ইসলামপুর গ্রামে নেমে আসে অন্ধকার। গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার সব শ্রেণির মানুষকে। পাম্প না চলায় ব্যাহত হচ্ছে আমন ক্ষেতের সেচ।
এলাকাবাসীর অভিযোগ, পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি মেরামত কিংবা প্রতিস্থাপনের জন্য স্থানীয় বিদ্যুৎ বিভাগ কোনো উদ্যোগই নিচ্ছে না।
এলাকাবাসী জানায়, বুধবার (৫ সেপ্টেম্বর) বিকালে ট্রান্সফরমারটি পুড়ে গিয়ে বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
টংভাঙ্গা গ্রামের স্কুলছাত্র অনিক জানায়, বিদ্যুৎ না থাকায় বাড়িতে ঠিকমত পড়াশোনা করা যাচ্ছে না। এরকম চলতে থাকলে বার্ষিক পরীক্ষার আগে বেশ সমস্যায় পড়তে হবে।
ইসলামপুর গ্রামের মনজু বলেন, ট্রান্সফরমারটি মেরামতের জন্য বারবার বিদ্যুৎ বিভাগে বললেও কোনো কাজ হচ্ছে না।
টংভাঙ্গা গ্রামের কৃষক আকরাম আলী বলেন, “আমন মৌসুম শুরু হওয়ার পর ঠিকভাবে বৃষ্টি হচ্ছে না। তাই আমরা সেচ পাম্প ব্যবহার করে জমিতে পানি দিয়ে আসছি। কিন্তু ট্রান্সমরফর পুড়ে যাওয়ায় তাও সম্ভব হচ্ছে না।”
এ ব্যাপারে হাতীবান্ধা-পাটগ্রামের আবাসিক প্রকৌশলী মোক্তার হোসেন বলেন, পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি পরিবর্তনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24