মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয় আসা-যাওয়া করতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু করেছে কর্তৃপক্ষ।
লৌহজং উপজেলার হলদিয়া থেকে প্রতিদিন সকালে বাসটি ঢাবির উদ্দেশে ছেড়ে যাবে। বিকালে আবার বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ স ম আরিফিন সিদ্দিক সোমবার বিকালে রেজিস্ট্রার ভবনের সামনে ‘বিক্রমপুর’ নামের বাস উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবির অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আানোয়ার হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শহীদ আক্তার হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদ, ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল মালেকসহ বিশ্ববিদ্যালয়ের মুন্সীগঞ্জের শিক্ষার্থীরা।
উদ্বোধন শেষে একটি বাস ছাত্র-শিক্ষকদের নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক হয়ে লৌহজংয়ে হলদিয়ার উদ্দেশে ছেড়ে যায়।
অধ্যাপক আানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকাল পৌনে ৭টায় হলদিয়া বাজার ব্রিজের পশ্চিম পাশ থেকে ঢাকা-মাওয়া সড়ক হয়ে বাসটি ঢাবির উদ্দেশে ছেড়ে যাবে।
বিকাল ৪টায় ক্যাম্পাস থেকে আবার হলদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে।
পথে মাওয়া থেকে মাদারীপুর ও শরিয়তপুরের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বাসে উঠতে পারবেন।
এছাড়া ঢাকা-মাওয়া মহাসড়কের কয়েকটি নির্দিষ্ট স্থান থেকেও বাসে চড়তে পারবেন পাশের উপজেলার সংশ্লিষ্টরা।
আপাতত একটি বাসই প্রতিদিন চলাচল করবে। চাহিদা থাকলে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/
bdnews24