২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে যমুনার ভাঙন, বহু বাড়িঘর নদীগর্ভে

যমুনার পানি কমার সঙ্গে সঙ্গে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

লুৎফর রহমান জামালপুর প্রতিনিধি জামালপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনার পানি কমার সঙ্গে সঙ্গে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে অন্তত দেড় হাজার বসতবাড়ি, কয়েক’শ একর ফসলি জমি ও হাজার হাজার গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে তারাকান্দি-ভুয়াপুর সড়কসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা। পিংনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের রাধানগর, বাশুরিয়া, চর বাশুরিয়া ও কবলিবাড়ি এ চার গ্রামে চলছে যমুনার তীব্র ভাঙন। এসব গ্রামের লোকজন বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। ভাঙনের হুমকিতে রয়েছে পিংনা কলেজ, পিংনা হাইস্কুল, কায়কোবাদের মসজিদ, স্থানীয় ডাকঘর, বাজার, বাশুরিয়া উচ্চ বিদ্যালয়সহ তারাকান্দির যমুনা সারকারখানা-ভুয়াপুর পাকা সড়ক। মোতাহার হোসেন আরো বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা স¤প্রতি পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে পদক্ষেপ নেয়ার কথা বললেও বাস্তবায়িত হয়নি। বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে লোকজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রে মানুষ ও পশু একসঙ্গে বাস করছে। পিংনা কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাঈদ বলেন, ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেয়া না হলে পিংনা কলেজসহ সরকারি-বেসরকারি বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হবে। পিংনার বাশুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আশ্রয় নেয়া চর বাশুরিয়া গ্রামের ফুল চাঁন আলীর স্ত্রী রহিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, এক সময় তাদের ২০/২৫ বিঘা ফসলি জমি, বসতবাড়িসহ সুখের সংসার ছিল। যমুনা নদী সব গিলে খেয়েছে। এখন এক ইঞ্চি জমিও তাদের নেই। বাঁশের বেড়া দিয়ে একটি ছাপড়া ঘর তুলে স্কুল মাঠে আশ্রয় নিয়ে শিশু সন্তান ও গরু-ছাগল নিয়ে একসঙ্গে বাস করছেন। তার স্বামী ফুল চাঁন আলী কিছুদিন আগেও ছিলেন সম্পন্ন গৃহস্থ। তিনি এখন ভোর হবার আগে বের হন দিন মজুরির কাজের সন্ধানে। এলাকায় কোনো দিন কাজ জোটে, কোনো দিন জোটে না। সরকারিভাবে ১০ কেজি চাল ছাড়া কিছু পাননি। একই মাঠে আশ্রয় নেয়া বাশুরিয়া গ্রামের মমিনুর রহমানের স্ত্রী রাশেদা বেগম বলেন, “জমি জিরেত বসতবাড়ি গাছপালা সব হারিয়ে এখন আশ্রয় নিয়েছি স্কুল মাঠে। স্বামী বেকার, কোনো কাজ নাই। এক বেলা খাবার জোটে তো আরেক বেলায় নাই।” পিংনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বলেন, যমুনার ভাঙনে চারটি গ্রামের শত শত মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডকে অসংখ্যবার জানানোর পরও তারা রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জামালপুরের জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, তিনি ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকার লোকজনের তালিকা করতে সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.