২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজুরের আবেদন খারিজ

সাংবাদিক সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন খারিজের আদেশে বলা হয়েছে, আদালত কোনো মানুষের বাক স্বাধীনতা হরণ করতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী ভূইয়া খারিজের আদেশে বলেছেন, আদালত কোনো মানুষের বাক স্বাধীনতা হরণ করতে পারে না। মাহফুজুর রহমান সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন নিয়ে তাকে জড়িয়ে বিবৃতি, বক্তৃতা ও সমাবেশ অবৈধ ঘোষণার আবেদন জানিয়ে সোমবার সকালে একটি মামলা করেন। ওই মামলার পাশাপাশি সাংবাদিকদের সমাবেশ-বিবৃতিতে নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদনও করেন তিনি, যা বিকালে খারিজ হয়। মাহফুজুরের দাবি, তাকে সাংবাদিকদের ওই সব কর্মসূচির লক্ষ্যবস্তু করা হচ্ছে। সম্পূরক আবেদন খারিজ হলেও মূল মামলায় বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৯ নভেম্বর সমন ফেরতের দিন ঠিক করেছে আদালত। অর্থাৎ সমন কার কার কাছে পৌঁছাল, কাকে কাকে পাওয়া গেল না- তা সেদিন শুনবে আদালত। মাহফুজুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মোট ৫৯ সদস্যকে বিবাদী করেছেন। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে আন্দোলনরত সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভের মুখে পড়েন মাহফুজুর। এরপর তাকে গ্রেপ্তারের দাবিও ওঠে। সাংবাদিকদের ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে একটি কর্মসূচিতে মাহফুজুরকে গ্রেপ্তারের দাবি তোলা হলে তা নিয়ে এটিএন বাংলার কয়েকজন সাংবাদিকের সঙ্গে সাংবাদিক নেতাদের ধস্তাধস্তিও হয়। তার জের ধরে সাংবাদিক সংগঠনগুলো এটিএন বাংলার কয়েকজনকে বহিষ্কার করে। ওই ঘটনার কয়েকমাস পর আদালতে গেলেন মাহফুজ। মামলায় জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ ছয়টি সংগঠন, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, শাবান মাহমুদ, সাখাওয়াত হোসেন বাদশা, আব্দুস শহীদ, মো. বাকের হোসেনসহ ২৬টি জাতীয় পত্রিকার সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রধান সম্পাদক বাদে সব বেসরকারি টেলিভিশনের প্রধান সম্পাদক, অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকসহ ৫৯ জনকে বিবাদী করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬৫৮ ঘ.