২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রদলকর্মীদের মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাবি, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের তিন কর্মী। এর জন্য ছাত্রলীগকে দায়ী করেছে বিএনপির ছাত্র সংগঠনটি। সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাছে ছাত্রদলকর্মীরা হামলার শিকার হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আহতরা হলেন- আব্বাস আলী, সোহাগ ও রাশেদ। আব্বাস ও সোহাগ স্যার সলিমুল্লাহ হল এবং রাশেদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র। ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠনের পর এই হামলা হল। গত বৃহস্পতিবার রাতে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মহিদুল হাসান হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের। “ওই বৈঠকের কথা জানতে পেরে আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মহড়া দিচ্ছিল ছাত্রলীগ। ওই সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী খোঁজ-খবর নিতে গেলে তারা মারধর করে,” বলেনন তিনি। হামলায় আট থেকে নয়জন আহত হয়েছেন বলে ছাত্রদল নেতা মহিদুল দাবি করেছেন। তিনি আরো বলেন, “আমরা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার বাতিল করেছি। তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।” এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের সঙ্গে কথা বলছি। পরে এ বিষয়ে কথা বলব।” ছাত্রদলের এর আগের কেন্দ্রীয় কমিটি গঠনের পরপরই নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলার শিকার হয়েছিলেন, যাতে মাথা ফেটে যায় তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৫৫৩ ঘ.