ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা করতে ১৬টি রুটে ২৬টি নিয়মিত ফ্লাইট বাদ দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার হজ প্রস্তুতি নিয়ে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে চলতি হজ মৌসুমে বিমান প্রতিসপ্তাহে রিয়াদের নিয়মিত ফ্লাইটের ক্ষেত্রে ১টি কমিয়ে ৫টি, লন্ডনে ২টি কমিয়ে ১টি, আবুদাবিতে ১টি কমিয়ে ৪টি, দুবাইয়ে ২টি কমিয়ে ৬টি, মাস্কাটে ১টি কমিয়ে ৫টি, কুয়েতে ১টি কমিয়ে ৩টি, কুয়ালালামপুরে ২টি কমিয়ে ৫টি, কাঠমান্ডুতে ১টি কমিয়ে ৬টি, ব্যাংককে ৪টি কমিয়ে ২টি, কলকাতায় ১টি কমিয়ে ৬টি, সিঙ্গাপুরে ১টি কমিয়ে ৫টি ফ্লাইট পরিচালনা করা হবে।
এ ছাড়া ম্যানচেস্টার, নয়া দিল্লি, করাচি ও হংকং রুটে ২টি করে এবং মিলানে ১টি ফ্লাইট পরিচালনা করে এলেও হজ মৌসুমে কোন ফ্লাইট পরিচালনা করবে না বিমান।
বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ বলেন, “সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনার জন্য এসব রুটে সাময়িকভাবে ফ্লাইট কমানো হয়েছে। হজ ফ্লাইট শেষ হলে আবার নতুন সময়সূচি করা হবে।”
তবে যেসব রুটে আর্থিকভাবে বিমান ক্ষতিগ্রস্ত হচ্ছিল শুধু সেসব রুট তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান এবং পর্যটন সচিব মো আতাহরুল ইসলাম।
তিনি বলেন, “এর চেয়ে ভালো বিকল্প আর ছিল না।”
মন্ত্রণালয়ের ঘোষিত ফ্লাইটসূচি অনুযায়ী বিমান আগামী ১৭ সেপ্টেম্বর ভোর ৫টায় ৫৮২ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু করবে, শেষ হবে ২০ অক্টোবর।
একইদিন সকাল সাড়ে ৯টায় যাত্রা করবে ন্যাশনাল এয়ার সার্ভিসের (নাস এয়ার) আরেকটি ফ্লাইট। আর ২১ সেপ্টেম্বর বেলা ১টা থেকে হজযাত্রী পরিবহন শুরু করবে সৌদি এয়ারলাইন্স।
বিমান ফিরতি ফ্লাইট শুরু হবে ১ নভেম্বর, শেষ হবে আগামী ২৯ নভেম্বর।
নাস এয়ারের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর, শেষ হবে ২৮ নভেম্বর। এর বাইরে সৌদি এয়ারলাইন্স হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু করবে ৩০ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর।
সৌদি আরব সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত হজ যাত্রী পরিবহন সংক্রান্ত চুক্তি অনুযায়ী এ বছর কোনো তৃতীয় বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ারকে হজ যাত্রী পরিবহনের দায়িত্ব দেয়া হয়নি।
এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ৯ হাজার ৬০৩ জন। যার মধ্যে বিমান পরিবহন করবে ৫৬ হাজার ২৮৪ জন।
হজ যাত্রী পরিবহনের জন্য বিমান এ বছর ভাড়ায় আনা একটি বোয়িং ৭৪৭-৪০০ এর পাশাপাশি নিজস্ব দুটি বোয়িং ৭৭৭-৩০০ এবং দুটি ডিসি ১০-৩০ মডেলের উড়োজাহাজ ব্যবহার করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২১৪৫ ঘ.
bdnews24