২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৮ দলের সমাবেশ

পদ্মা সেতুসহ সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে সমাবেশ করেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুসহ সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে সমাবেশ করেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। রোববার বিকেলে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশে দুর্নীতির অনেক ঘটনা আছে, কিন্তু প্রকল্প হওয়ার আগে দুর্নীতির নজির শুধু দেশে নয় বিদেশের কোথাও নেই।” পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি করে সরকার একটি বিরল ঘটনার জন্ম দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেদিন থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছে, সেদিন থেকেই দেশে দুর্নীতির জন্ম হয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপদেষ্টারা দুর্নীতি করেছে অভিযোগ করে তিনি বলেন, পারিবারিকভাবে শেখ হাসিনার পুত্র-কন্যাও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।” নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ সামশুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাবেক সাংসদ বেগম রোজি কবির, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও ইসলামী ঐক্যজোটের সভাপতি মাঈনুদ্দিন রূহি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এএল/২১৩৭ ঘ.