২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহণযোগ্য নির্বাচন: সংলাপে সমাধানের আশা মজিনার

সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের মধ্যে গঠনমূলক সংলাপের ওপর জোর দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের মধ্যে গঠনমূলক সংলাপের ওপর জোর দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এই মত ব্যক্ত করেন তিনি। এ সময় সাংবাদিকরা দেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে চলমান বিতর্ক ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তার কাছে জানতে চান। মজিনা বলেন, ‘‘আশা করছি সংলাপের মধ্য দিয়ে এ দেশের নেতারা দ্রুতই একটি সমাধানে যেতে পারবেন।’’ তবে অস্থিতিশীল পরিস্থিতিতে ভীত হয়ে বিনিয়োগকারীদের দেশ থেকে চলে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, “কিন্তু আমি চাই তারা এখানে থাকুক।’’ অর্থনীতিতে বাংলাদেশ ‘এশিয়ার বাঘ’ হতে চাইলে বিদেশি বিনিয়োগের সুন্দর পরিবেশ তৈরি করতে হবে বলেও মনে করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের গ্লোবাল উইমেন্স ইস্যুজের অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মেলান ভারভির উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/এএল/২১২০ ঘ.