২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার দাবি

অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত হলমার্ক ও সোনালী ব্যাংকের বোর্ড ও কর্মকর্তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত হলমার্ক ও সোনালী ব্যাংকের বোর্ড ও কর্মকর্তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হলমার্ক কেলেংকারির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। এ ছাড়া লুটের টাকা আদায় ও জড়িতদের বিচারের দাবিতে সোমবার থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ সপ্তাহ পালনের আহ্বান জানান। সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম হলমার্ক কেলেংকারিতে জড়িতদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জড়িত রাঘব- বোয়ালদের চিহ্নিত করার দাবি জানান। তিনি অর্থমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, এই লুটের টাকাকে যারা অল্প টাকা বলেন তারা প্রকারন্তরে লুটেরাদের প্রশ্রয়দাতা। সেলিম বলেন, “একজন গার্মেন্ট শ্রমিকের মাসিক বেতন ৩,০০০ টাকা ধরে হিসাব করলে দেখা যাবে হলমার্ক গ্র“প এক জন শ্রমিকের ১ কোটি মাসের বেতন লুট করেছে। ৩০ টাকা চুরির অপরাধে চড় খেতে হল অথচ তিন হাজার কোটি টাকা লুটের অপরাধী নাম্বারহীন বিলাসবহুল গাড়িতে করে দুদকে এলো, তাকে গ্রেপ্তার করা হল না।” “হাওয়া ভবনের দুর্নীতি বড় নাকি এখনকার দুর্নীতি বড়। ক্ষমতার পালাবদল হচ্ছে কিন্তু দুর্নীতির ধারা পাল্টাচ্ছে না।” খালেকুজ্জামান বলেন, বেসরকারি ও ব্যক্তিমালিকানার নামে এসব লুটপাট চালান হচ্ছে। অতীত এবং বর্তমানের শাসকরা এসব লুটপাট আর দুর্নীতির পাহারাদারের দায়িত্ব পালন করে চলেছে। সমাবেশ বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারসহ লুট করা অর্থ আদায়ের দাবিতে মতিঝিলে সোনালী ব্যাংক ও বিদ্যুৎ ভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে দৈনিক বাংলা মোড়ে পুলিশ তাদের থামিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএল/১৮৫৩ ঘ.