২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মবিরতিতে চট্টগ্রামে শুল্কায়ন বন্ধ

অচলাবস্থা নিরসনে সোমবার কাস্টমস কর্তৃপক্ষ বৈঠক ডাকলেও ছয়টি দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যেতে অনড় সিঅ্যান্ডএফ এজেন্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতির কারণে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, যাতে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রোববার সকাল থেকে সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতি শুরু করে। এর ফলে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সোমবার এনবিআর সদস্যদের উপস্থিতিতে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে কাস্টম কর্তৃপক্ষ। তবে ছয়টি দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্টরা। সকাল থেকে কর্মবিরতি শুরুর পর বিকালে চট্টগ্রাম কাস্টম কমিশনার মারুফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সিঅ্যান্ডএফ এজেন্টদেরকে আলোচনার আহ্বান জানিয়েছিলাম। তারা তৃতীয় পক্ষ ছাড়া আলোচনায় বসতে রাজি হননি।” “এ অবস্থায় অর্থমন্ত্রীর নির্দেশে এনবিআরের তিন সদস্যের উপস্থিতিতে সোমবার সকাল ১০টায় বৈঠক হবে। এতে দাবি মানার বিষয়ে আইনগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে,” বলেন তিনি। চট্টগ্রাম কাস্টম হাউজ মিলনায়তনে ওই বৈঠকে এনবিআর সদস্য (শুল্ক) নাসির উদ্দিন, সদস্য (মূসক) ফরিদ উদ্দিন ও সদস্য (শুল্ক গোয়েন্দা) ফিরোজ শাহ আলম থাকবেন। এছাড়া সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন নেতারা ছাড়াও চট্টগ্রাম চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বন্দর ট্রাক মালিক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের নেতারাও বৈঠকে থাকবেন। মারুফুল ইসলাম বলেন, “আমরা চাই না একদিনও চট্টগ্রাম কাস্টমস হাউজে শুল্কায়ন প্রক্রিয়া বন্ধ থাকুক। সবার সমন্বয়ে অনুষ্ঠিতব্য সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।” আলোচনার সময় নির্ধারণ হলেও কর্মবিরতির কর্মসূচি থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয়দফা দাবিতে আমাদের কর্মবিরতি চলবে, বৈঠকও হবে। আলোচনায় দাবি মানার বিষয়ে সিদ্ধান্ত হলে প্রত্যাহারের বিষয়টি আসবে।” অনিয়ম-দুর্নীতি ও হয়রানি বন্ধসহ ছয়দফা দাবিতে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন গত বুধবার থেকে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় তারা রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করে। সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির ফলে সকাল থেকে কাস্টমসে আমদানি-রপ্তানির শুল্কায়ন প্রক্রিয়া বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে সিঅ্যান্ডএফ এজেন্টরা চট্টগ্রাম কাস্টম হাউজের সামনে অবস্থান নেয় এবং সমাবেশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭০৫ ঘ.