সিলেট, সেপ্টম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের সুরমা নদীতে শনিবার বিকালে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রঙ-বেরঙের নৌকা, বাদ্যযন্ত্র, পোশাক, নাচ-গান আর মাঝি মাল্লাদের কলতানে মুখরিত হয়ে ওঠে সুরমার তীর।
প্রচ- রোদ উপক্ষো করে নাও-নদী-ঢেউ-জলের বর্ণিল এই উৎসব উপভোগ করেন
হাজারো মানুষ।
আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ রোইং ফেডারেশনের তত্ত্বাবধানে ‘বাংলালিংক ৫ম সিলেট বিভাগীয় নৌকাবাইচ প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। ২০০৮ সাল থেকে সুরমা নদীতে এ আয়োজন চলে আসছে।
বিকেল তিনটায় নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন চাঁদনী ঘাটে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির সুফিয়ান, বাংলালিংক এর আঞ্চলিক প্রধান ইমরান আহমদ, রোইং ফেডারেশনের সহ-সভাপতি খুরশেদ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মনজু ।
এবারের প্রতিযোগিতায় মোট ২২ টি নৌকা অংশ নেয়।
বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মনজু জানান, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এই প্রতিযোগিতা তাদের নিয়মিত আয়োজন। শুধু সিলেট নয় এবছর দেশের বিভিন্ন স্থানে ৯টি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আবহমান বাংলার ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলালিংক’র সিলেট আঞ্চলিক প্রধান ইমরান আহমদ।
প্রতিযোগিতায় ‘ময়ুরপঙ্খী গ্রুপে’ প্রথম হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার লুলু মিয়ার নৌকা। দ্বিতীয় স্থান অর্জন করে ফেঞ্চুগঞ্জ উপজেলার পংকি মিয়ার নৌকা ও তৃতীয় হয়েছে সিলেট সদর উপজেলার মঈন উদ্দিনের নৌকা।
এছাড়া ‘বাইয়া খাউরি’ গ্রুপে প্রথম হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার হানিফ আলীর নৌকা। দ্বিতীয় স্থান অর্জন করে কোম্পানিগঞ্জ উপজেলার ছমরু মিয়ার নৌকা। তৃতীয় হয় ফেঞ্চুগঞ্জ উপজেলার জমির উদ্দিনের নৌকা।
পরে সন্ধ্যায় অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৩৫ ঘ.
bdnews24