নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় শুক্রবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হয়েছেন গোপাল চন্দ্র রায়ের ছেলে হিমু চন্দ্র রায় (২২), শাহজাহানের ছেলে শান্ত (২১) এবং প্রয়াত আনসার আলীর ছেলে আলীম (৩০)।
ধর্ষণের শিকার গৃহবধূর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার আলীরটেক কুড়েরপাড়ার এই গৃহবধূ বাবার বাড়ি মুন্সীগঞ্জ থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন দেবরের সঙ্গে।
রাত ১১টার দিকে কাশিপুর বাসস্ট্যান্ডে নামার পর ৭/৮ জন যুবক তাদের অস্ত্রের ভয় দেখিয়ে কাশিপুর নতুন ব্রিজ এলাকায় নিয়ে যায়।
সেখানে দেবর আলামিনকে মারধর করে বেঁধে রাখে এবং গৃহবধূকে দেবরের সামনেই পালাক্রমে ধর্ষণ করে।
তার চিৎকারে টহল পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24