২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যবসায়ী ফজলুলকে খুন করে তার ভৃত্য’

পুলিশ বলছে, অর্থের লোভ এবং বকাবকি করায় ক্ষোভ থেকে গৃহকর্মী সবুজ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 10:52 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অভিজাত এলাকা গুলশানে নিজের বাড়িতে ব্যবসায়ী ফজলুল হককে তার ভৃত্যই খুন করেছে বলে দাবি করেছে পুলিশ। ফজলুল হকের ব্যক্তিগত ভৃত্য সবুজকে গ্রেপ্তারের পর শনিবার তাকে সাংবাদিকদের সামনে আনা হয়। পুলিশ বলছে, অর্থের লোভ এবং বকাবকি করায় ক্ষোভ থেকে সবুজ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত ২৮ জুলাই রাতে খুন হন হক পেইন্টসের মালিক ফজলুল হক। ছেলের হাতে ব্যবসা ছেড়ে দিয়ে ৭০ বছর বয়সি এই ব্যক্তি অবসর যাপন করছিলেন। সবুজকে গত ২৯ জুলাই নিহত ব্যবসায়ীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সবুজের দেওয়া তথ্যে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীর বাড়ির নর্দমায় প্লাস্টিকের প্যাকেটে রাখা ৫০ হাজার টাকা, একটি মোবাইল সেট, একটি আংটি এবং ফজলুল হকের খাটের বাক্সে লুকিয়ে রাখা রক্তমাখা ছোরা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সবুজ হত্যার কথা স্বীকার করেছে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ফজলুল হকের বকাবকিতে ক্ষোভ এবং আর্থিক লাভের জন্যই তাকে হত্যার কথা স্বীকার করেছে সবুজ।” যেদিন হত্যাকাণ্ড ঘটে সেরাতে ফজলুল হকের মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। সেদিন রাতে ফজলুল হক ‘অকারণে’ বকাবকি করে বলে সবুজ পুলিশকে জানিয়েছে। পুলিশের বক্তব্যে খুনের বর্ণনা সংবাদ সম্মেলনে পুলিশের বক্তব্য অনুযায়ী, ২৮ জুলাই রাতে সবুজ ১৫ টাকা দামে একটি ছুরি কিনে ফজলুল হকের শোবার ঘরে ঢোকেন। ভবনের সঙ্গে থাকা একটি গাছ বেয়ে দোতলার কার্নিশে উঠেছিলেন তিনি। সবুজের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ওবায়দুল বলেন, “ব্যবসায়ীর কক্ষে ঢোকার পর তিনি নাকি জানতে চেয়েছিলেন, ‘কে?’। সবুজ কোনো উত্তর না দিয়ে গলায় ছুরি ঢুকিয়ে দেয়। এরপর সে চাবি দিয়ে ড্রয়ার খুলে টাকা ও মালামাল নিয়ে গাছ বেয়ে নিচে নেমে যায়।” লুট করা মালামাল লুকিয়ে নিচ তলায় নিজের শোবার ঘরে গিয়ে সবুজ শুয়ে পড়েন বলে পুলিশ কর্মকর্তা জানান। কুষ্টিয়ার ছেলে সবুজ প্রথমে ছয়/সাত মাস ওই বাসায় কাজ করেছিল। মাঝে কয়েকমাস দেশের বাড়িতে থাকার পর জুলাই মাস থেকে আবার ওই বাড়িতে কাজ শুরু করেন। পুলিশ কর্মকর্তা ওবায়দুল বলেন, সবুজ মূলত বৃদ্ধ ব্যবসায়ী ফজলুল হকের ব্যক্তিগত ভৃত্য ছিল। গৃহকর্মীদের মধ্যে একমাত্র সবুজই ব্যবসায়ীর কক্ষে যেতে পারত। ওই ঘটনার পর মোট সাতজনকে আটক করলেও বর্তমানে সবুজ ছাড়া আরো দুজন এ মামলায় গ্রেপ্তার রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬৪৪ ঘ.