গাজীপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শনিবার বন্ধুর মুগুরের আঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাইফুল ইসলাম (২২) কাপাসিয়ার বড়চালা গ্রামের সামছুল হকের ছেলে।
কাপাসিয়া থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড়চালা গ্রামের শরাফত আলী (২৫) সকাল সাড়ে ১০টার দিকে তার বন্ধু সাইফুল ইসলামাকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
কিছুদূর যাওয়ার পর আচামকা শরাফত আলী পেছন থেকে একটি মুগুর দিয়ে মাথায় জোরে আঘাত করলে সাইফুল মাটিতে লুটিয়ে পড়ে। এরপর শরাফত আলী পালিয়ে যায়।
এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুলের মৃত্যু হয়।
ওসি আরো জানান, হামলার কোনো কারণ জানা যায়নি। এরা দু’জনই বেকার এবং মাদকসেবী।
এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫০ ঘ.
bdnews24