সুনামগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কলেজ ছাত্রীকে তাহিরপুর উপজেলার লাউড়ের গড়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করে তারা।
গত ৩১ অগাস্ট বিশ্বম্ভরপুরের এক কলেজ ছাত্রী তার বন্ধুকে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা তাগিররুরের লাউড়েরগড়ে বেড়াতে গেলে স্থানীয় কয়েকজন বখাটে তার বন্ধুর হাত-পা বেঁধে ফেলে রেখে ছাত্রীটিকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ও ভিডিওচিত্র ধারণ করে।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
প্রায় আধাঘণ্টাব্যাপী মানবন্ধনকালে বক্তৃতা করেন সুনামগঞ্জ সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, পৌর কাউন্সিলর আরতি তালুকদার, শাহজালাল সুমন প্রমুখ।
এ ঘটনায় বৃহস্পতিবার তাহিরপুর থানায় মামলা হয়।
তাহিরপুর থানার ওসি আবুল হাশেম জানান, এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫০ ঘ.
bdnews24