ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার না করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার বিচারকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা আমার মতো প্রতিমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীকেও সমন দিয়ে আদালতে হাজির করাতে পারেন। কিন্তু সেই ক্ষমতার যেন অপব্যবহার না হয়।”
বিচার বিভাগের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই জানিয়ে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, বিচারকরা ন্যায়নিষ্ঠ থেকে দায়িত্ব পালন করবেন।
স্পিকারের রুলিং নিয়ে আদালতের রায়ের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি বলেন, “একটি বিষয়ে সম্প্রতি সংসদের সঙ্গে বিচার বিভাগের বিতর্ক তৈরি হয়েছে। আশা করি, সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে রায়ের মাধ্যমে এই ঝড় থেমে যাবে।”
সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১৬তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন দেশের জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, মহানগর হাকিম আদালতের বিচারকরা।
মামলাজট কমানোর ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সারা দেশে ২০ লক্ষাধিক মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। কিন্তু বর্তমান সরকারের বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগের কারণে এই মামলাজট কমে আসছে।
“দেওয়ানি কার্যবিধি আইন সংশোধন করে বিকল্প বিরোধ নিষ্পত্তি চালু করা হয়েছে। দেওয়ানি মামলার জট সে কারণে কমে যাওয়া শুরু হয়েছে। ফৌজদারি মামলার ক্ষেত্রেও তা করা হবে।”
প্রশিক্ষণার্থী বিচারকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এ সরকার আমলে প্রথমে ২ শতাধিক, পরে শতাধিক সহকারী জজ নিয়োগ দিয়েছি। এ সরকার আমলেই আরো বিচারক নিয়োগ করব। আমরা বিচারকদের পদোন্নতিও দিয়েছি, অথচ এই নিয়োগ এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২১২ ঘ.
bdnews24