গাইবান্ধা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌকা থেকে ব্রহ্মপুত্র নদীতে পড়ে গেছেন গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মতিয়ার রহমান লিটন।
শুক্রবার রাতে পড়ে যাওয়ার পর লিটনকে উদ্ধারে অভিযান চললেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফুলছড়ি থানার ওসি এম এ মান্নান।
শুক্রবার সকালে গাইবান্ধার প্রাতঃভ্রমণকারী সংগঠন ‘ভোরের ডাক’ এর সদস্য পৌর মেয়র শামছুল আলম, কয়েকজন কাউন্সিলরসহ ৪২ সদস্যের একটি দল ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমণে যায়।
ভ্রমণ শেষে রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময় লিটন নদীতে পড়ে যান বলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “ফুলছড়ি উপজেলার কাউয়ারচর ও ফুটানির বাজার সীমান্ত এলাকায় প্যানেল মেয়র নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে যান। পরে সেখান থেকে ৫ কিলোমিটার দূরে ভাটিতে বুলবুলিরচর পর্যন্ত অনেক খোজাখুঁজি করেও রাত সাড়ে ১২টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।”
পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম জানিয়েছেন, লিটনের সন্ধানে পুলিশের একটি নৌকা ও দুটি স্পিড বোট কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯২৮ ঘ.
bdnews24