ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর বাঙলা কলেজে ছাত্রাবাসের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১১টার দিকে আবুল কাশেম ছাত্রাবাসে ছাত্রলীগের রুবেল গ্রুপ ও মিঠুন-রায়হান গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়া পাল্টাধাওয়ায় বেশ কয়েকজনকে আহত হন।
এদের মধ্যে আরাফাত নামে এক ছাত্রলীগ কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর জোনের সহকারী কমিশনার সাইদুর রহমান।
তিনি বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও ছাত্রবাসে ঢুকতে পারেনি। থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। ছাত্রলীগের মিঠুন-রায়হান গ্রুপের কর্মীরা লাঠিসোটা নিয়ে ছাত্রাবাসের ফটকে অবস্থান করছেন। ভেতরে রয়েছে রুবেল গ্রুপ।
রুবেল ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতা ছিলেন বলে জানা গেছে।
দারুস সালাম থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বলেন, “আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব। এরমধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ছাত্রাবাসে অভিযান চালাব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএলএইচ/এএল/০০২৪ ঘ.
bdnews24