সাভার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক গ্রুপের বিরুদ্ধে সোনালী ব্যাংকের অর্থ সরানোর অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানটির কর্মীরা।
তাদের অবস্থানের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৪ হাজার শ্রমিক শুক্রবার সকালে তেঁতুলঝোড়ার নন্দখালী এলাকায় হলমার্ক গ্রুপের কারখানার সামনে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করে।
এ সময় তাদের হাতে নিজেদের বক্তব্য সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করে।
প্রতক্ষদর্শীরা জানান, শ্রমিকদের কেউ কেউ মিছিল থেকে যানবাহন লক্ষ্য করে ঢিল ছুড়লে চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ফলে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ তাদের সরিয়ে দিলে ঘণ্টাখানেক পর যান চলাচল আবার স্বাভাবিক হয়।
স¤প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলার তথ্য বেরিয়ে আসে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নেয় দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি।
দুর্নীতি দমন কমিশন এ অভিযোগের তদন্ত করছে। হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম, এমডি তানভির মাহমুদ ও মহা ব্যবস্থাপক তুষার আহমেদকে ইতোমধ্যে দুদক কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, হলমার্কের ব্যাবস্থাপনা পরিচালক তানভির মাহমুদের বিরুদ্ধে জমি দখল, মেজিস্ট্রেটকে মারধর, হামলাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা ও ২০টি সাধারণ ডাইরি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫৩০ ঘ.
bdnews24