২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট শিক্ষার্থীদের ‘সিদ্ধান্ত’ বিকালে

সংবাদ সম্মেলনে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত জানাতে পারবেন বলেই আশা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 04:51 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

সুজন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করার পর শুক্রবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত জানাতে পারবেন বলেই শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্যে ‘আশ্বস্ত’ হয়ে বুয়েট শিক্ষকরা ইতোমধ্যে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। বুধবার মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীরা জানিয়েছেন, তারাও ‘আশ্বস্ত’, তবে সিদ্ধান্ত জানাতে তাদের সময় প্রয়োজন। বৃহস্পতিবারই এ বিষয়ে শিক্ষার্থীদের ঘোষণা আসার কথা থাকলেও ‘সবাই মিলে’ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র সুদীপ্ত সাহা শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করেছি। আজ বিকালে সার্বিক দিকগুলো তুলে ধরে একটি সংবাদ সম্মেলন করব। তখনই বিস্তারিত ঘোষণা দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।” কøাসে ফিরে যাচ্ছেন কি না- এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া না গেলেও আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজন বলেছেন, সংবাদ সম্মেলতে তারা বুয়েটের সার্বিক বিষয় নিয়ে একটি ‘ইতিবাচক’ সিদ্ধান্তই জানাতে চান। অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য এস এম নজরুল ইসলাম ও উপ উপাচার্য হাবিবুর রহমানের অপসারণ দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে এবার ঈদের ছুটি ঘোষণা করা হয় আগেভাগে। এরপর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। গত ৩ সেপ্টেম্বর মধ্যরাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বাড়িতে বুয়েটের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের শিক্ষা কার্যক্রমে ফেরাতে রাজি করান। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, উপ উপাচার্যকে প্রত্যাহার করা হবে। আন্দোলনকারী শিক্ষক-ছাত্রদের বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষের দায়ের করা মামলাও তুলে নেওয়া হবে। মন্ত্রীর আশ্বাসের পরদিনই মামলা তুলে নেওয়ার জন্য থানায় আবেদন করে বুয়েট কর্তৃপক্ষ। শিক্ষকরাও জানান, তারা ক্লাসে ফেরার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তবে এরপরও শিক্ষার্থীরা দাবিতে অনড় থাকলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে তাদের সঙ্গে বসেন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আশ্বাস দেন, আন্দোলনকারীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন- তা তিনি দেখবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/জেকে/১০৪০ ঘ.