২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ বছরই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি সম্ভব হবে’

চলতি বছরের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা তৈরি সম্ভব হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা তৈরি সম্ভব হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তাজুল ইসলাম আরো বলেন, “মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ কার্যক্রম শুরু করেছে। দ্রুতগতিতে এ কাজ চলছে। আশা করা যাচ্ছে ডাটাবেইজ কার্যক্রম শেষ হলে এ বছরের শেষ নাগাদ একটি নির্ভুল তালিকা তৈরি করা সম্ভব হবে।” একই প্রসঙ্গে আওয়ামী লীগের নূরুল ইসলাম সুজনের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয় চলমান পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সাধারণত সাময়িক সনদপত্র ইস্যু করে থাকে। ডাটাবেজ কার্যক্রম শেষ হলে মুক্তিযোদ্ধাদের জন্য নিরাপত্তা বারকোডসহ মূল সনদপত্র দেওয়া হবে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অপু উকিলের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, সারাদেশে বর্তমানে দুই হাজার ৯৬৯ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার রয়েছে। এদিকে, এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান সংসদে বলেন, সরকার ট্র্যাভেল এজেন্সির নীতিমালা সংশোধন করে আরো কঠোর নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে। এই লক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ পাওয়ার পর নীতিমালা চূড়ান্ত করা হবে। আশা করা যায়, তা এ বছরের মধ্যেই হবে। পরিবেশ দূষণ ঢাকার আশপাশের নদীর পানির স্বচ্ছতা নিশ্চিত প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদের পক্ষে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকার নদী-নালার পানি আমাদের (মন্ত্রণালয়) একার পক্ষে পরিস্কার রাখা সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা দরকার। হাছান মাহমুদকে করা কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, শব্দ দূষণ মানব স্বাস্থ্যের জন্য একটি নীরব ঘাতক হিসাবে চিহ্নিত। বড় বড় শহরগুলোতে যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শব্দ দূষণ দিন দিন বেড়ে চলেছে। শহরে শব্দ দূষণের অন্যতম প্রধান উৎস হলো যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন। ফরিদুন্নাহার লাইলীর লিখিত প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ জানান, রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় ২০১১ সালে ভারতের সঙ্গে একটি প্রটোকল স্বাক্ষর করেছে বাংলাদেশ। ইউএনডিপি, ভারত ও বাংলাদেশ বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত বাঘ শুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি। বাঘের ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একটি, যা বিশ্বের মধ্যে সর্বাধিক। বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ার সুযোগ নেই। তবে সুন্দরবনে বাঘের সংখ্যা স্থিতিশীল রাখার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাঘের স্বাভাবিক জীবর চক্রের জন্য স্বাদু পানির উৎস হিসেবে সুন্দর বনে ১০০টি পুকুর খনন করা হয়েছে। ভূমি রাজস্ব আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা সংসদে জানান, সরকারি-আধাসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কাছে গত এক বছরে ভূমি রাজস্ব বাবদ সরকারের পাওনা ৯৮৭ কোটি ৪৩ লাখ টাকা। এক্ষেত্রে সাধারণ জনগণের কাছে সরকারের কোনো পাওনা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/টিআই/এসএসজেড/এইচএ/২০৪১ ঘ.