ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনশ্রীতে দুবর্ৃৃত্তের ছুরিকাঘাতে আহত যুবক বৃহস্পতিবার সকালে মারা গেছেন।
নিহত যুবকের নাম আবুল কাসেম (৩৫)।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বনশ্রী এ ব্লকের রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর পুলিশ কাসেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
দুর্বৃত্তরা তাকে পিঠে ছুরিকাঘাত করেছে বলে জানান তিনি।
কাসেম কী ছিনতাইয়ের কবলে পড়েছেন জানতে চাইলে তিনি বলেন, তার পোশাক দেখে কাসেমকে মাদকাসক্ত মনে হচ্ছে।
এদিকে মুগদা থানা এলাকায় শান্তা মনি (১৫) নামে শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মুগদা থানার এসআই সিদ্দিকুর রহমান বলেন, মনি তার মা আনোয়ারা বেগমের সঙ্গে অভিমান করে বৃহস্পতিবার ভোরে আত্মহত্যা করে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮৫০ ঘ.
bdnews24