২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু সাংবাদিকতা শুরু করছে বিডিনিউজ২৪-ইউনিসেফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)- এর যৌথ উদ্যোগে শুরু হচ্ছে শিশুদের সংবাদ সেবা কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 11:34 AM

Updated : 25 Apr 2022, 09:42 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর মহাখালী কার্যালয়ে বৃহস্পতিবার এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইউনিসেফের অংশীদারিত্বে এই কার্যক্রমের সম্পাদকীয় তত্ত্বাবধান ছাড়াও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বড় ধরনের বিনিয়োগ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, অনলাইন সংবাদপত্রটির শিশুদের জন্য নিবেদিত ওয়েবসাইট http://kidz.bdnews24.com-এ সমাজের সব স্তরের শিশুরা সাংবাদিকতার চর্চা করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, “সারা দেশের শিশুদের কথা বিপুল সংখ্যক পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ এক অনন্য সুযোগ।”

“পাঁচ বছরেরও বেশি সময় ধরে শিশুদের জন্য নিবেদিত আমাদের ওয়েবসাইট http://kidz.bdnews24.comএর অংশ হিসাবে শিশুদের সংবাদ সেবা কার্যক্রম পরিচালিত হবে।

“আমরা শিশুদের প্রশিক্ষণ দেব, সাংবাদিকতার মূল বিষয়গুলো শেখাব। অনুসরণের জন্য একটি নীতিমালাও আমরা তৈরি করে দেব, যাতে তাদের মধ্য থেকে আগামীতে উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী সাংবাদিক তৈরি হতে পারে।”

তৌফিক ইমরোজ খালিদী জানান, প্রাথমিকভাবে অন্তত ২০ জেলায় এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হবে। এসব জেলায় bdnews24.com প্রতিনিধিরা যাতে বিষয়টি সুচারুভাবে তত্ত্বাবধান করতে পারেন, সেজন্য তাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হবে।

ইউনিসেফ বাংলাদেশ এ উদ্যোগকে শিশুবান্ধব সংবাদ শিল্প প্রতিষ্ঠার একটি সুযোগ হিসাবে দেখছে। ইউনিসেফের আশা, এ উদ্যোগ বাংলাদেশে শিশু অধিকার সমুন্নত রাখার প্রক্রিয়াকে আরো জোরদার করবে।

ইউনিসেফ বাংলাদেশ এর ভারপ্রাপ্ত প্রতিনিধি মিশেল সে ল অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশের জনসংখ্যার ৪৫ শতাংশের বয়স ১৮ বছরের কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে ইউনিসেফ শিশুদের জন্য এমন একটি ক্ষেত্র তৈরি করতে চায় যেখানে তারা নিজেদের ভাবনা তুলে ধরতে পারবে। শিশুদের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও তাদের নিজেদের ভূমিকা রাখার সুযোগ করে দেবে এটি।”

তিনি আরো বলেন, “এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এর আগে যাদের কথা আমরা শুনতে পাইনি, তাদের কথা শুনতে পাব এর মাধ্যমে। সংবাদ মাধ্যমে শিশুদের বিষয়ে মতামত গঠনে ভূমিকা রাখার সুযোগ পাবে। এই কার্যক্রম বাংলাদেশে শিশু অধিকার সমুন্নত রাখার প্রক্রিয়াকে জোরদার করবে বলেও আশা করছি আমরা।”

অন্যদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশাল অ্যাফেয়ার্স এডিটর ও কিডজ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক বেবী মওদুদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আফসান চৌধুরী, আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি নুরুল হুদা এবং ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ বিষয়ক বিভাগের প্রধান সীমা ইসলাম ও যোগাযোগ কর্মকর্তা শাকিল ফয়জুল্লাহসহ অন্যরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।