২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ শিগগিরই

এর মধ্য দিয়ে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ তিন হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 07:52 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২৬ হাজার নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের ঘোষণা শিগগিরই আসছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক মহাসমাবেশ থেকে জাতীয়করণের এই ঘোষণা দেবেন। আগামী বছরের ১ জানুয়ারি থেকে ধাপে ধাপে স্কুলগুলোর জাতীয়করণ হবে।” এ ঘোষণার মধ্য দিয়ে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ তিন হাজার শিক্ষকের চাকরিরও সরকারিকরণ হবে বলে জানান প্রতিমন্ত্রী। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রায় দুই দশকের আন্দোলনের পর গত ২৭ মে প্রধানমন্ত্রী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দেন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের রূপরেখা চূড়ান্ত করে। রূপরেখার সার সংক্ষেপ ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানান মোতাহার। আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য ‘সাক্ষরতা ও শান্তি’। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১০ সালের জরিপ অনুযায়ী, দেশে সাক্ষরতার হার ৫৯ দশমিক ৮২ শতাংশ। ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের ঘোষণা থাকলেও তা সম্ভব হচ্ছে না জানিয়ে মোতাহার বলেন, “এই সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করা সম্ভব হবে না। তবে আমরা একটি ট্র্যাকে পৌঁছাতে চাই।” বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের ভর্তির হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ জানিয়ে তিনি বলেন, “এদের মধ্যে ৯২ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকে। তবে মিড-ডে মিল চালু থাকা বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার ৯৬ শতাংশ।” ২০০৯ সালের একটি জরিপের ফল উল্লেখ করে দেশে তিন কোটি ৭৩ লাখ মানুষ নিরক্ষর আছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে ৫০-৬০ লাখ মানুষকে সাক্ষরতার আওতায় আনা হয়েছে। শতভাগ লোক সাক্ষরতার আওতায় না আসার পেছনে আর্থিক সমস্যার বিষয়টি জড়িত বলেও তিনি দাবি করেন। প্রতিমন্ত্রী জানান, এবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ৮ সেপ্টেম্বর শোভাযাত্রা, আলোচনা সভা এবং গোল টেবিল বৈঠকের আয়োজন করা হবে। অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মহাপরিচালক মো. আলমগীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৩৪৫ ঘ.