খুলনা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমি লঘুচাপের প্রভাবে খুলনায় দুদিনের টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।
গত দু’দিনে প্রায় দুইশ’ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শহরবাসী জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৩টা থেকে বুধবার সারাদিন টানা বৃষ্টির ফলে লোকজন ঘর থেকে বের হতে পারছে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শ্রমজীবী মানুষ।
স্কুল-কলেজগুলোতে উপস্থিতি কম। নগরীর নিচু অঞ্চল, বেশ কয়েকটি রাস্তা ও বড় ড্রেন তলিয়ে মানুষের বাড়িঘরে পানি উঠছে বলে জানান শহরবাসী।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপের কারণে টানা বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি এখন সাগর থেকে ভূমিতে উঠে এসেছে। বর্তমানে তা ভারতের মধ্যপ্রদেশে অবস্থান করছে।
বুধবার দিন শেষে প্রায় দুইশ’ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার অবস্থার পরিবর্তন ঘটতে পারে বলে জানান এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24