বরগুনা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি হয়ে মঙ্গলবার এক জেলের মৃত্যু হয়েছে।
একইদিন আরেকটি ট্রলার ডুবে যাওয়ার পর পাঁচ জেলেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত থেকে বরগুনায় অবিরাম বর্ষণ চলছে। বুধবারও সূর্যের মুখ দেখা যায়নি। বঙ্গোপসাগর উত্তাল। মাছধরা ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে ফিরে আসেছে।
পক্ষিদিয়া এলাকায় ট্রলার এফবি মন্নান ডুবে মারা যাওয়া জেলে মঞ্জু মিয়ার বাড়ি বরগুনা সদরের সোনাতলা গ্রামে। বুধবার দুপুরে তার লাশ বাড়ি আনা হয়েছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান বলেন, মঙ্গলবার বঙ্গোপসাগরের পক্ষিদিয়ায় এফবি মন্নান যুবে গেলে মঞ্জু মিয়ার মৃত্যু হয়।
অপরদিকে এফবি রহিম নামের আরেকটি মাছধরা ট্রলার ঝড়ে ঝড়ে ডুবে গেছে। পরে এফবি আল্লাহর দান নামের একটি ট্রলার আবদুর রহিম, জামাল হোসেন, আলমগীর হোসেন, ইব্রাহিম ও কামাল হোসেনকে উদ্ধার করে।
আর ট্রলার এফবি রহিম উদ্ধার করা হয় বুধবার দুপুরে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪২ ঘ.
bdnews24