ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ইন্দোনেশিয়া থেকে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে বাংলাদেশ। এজন্য শিগগিরই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেট মিরজাল জাইনুদ্দিন বুধবার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়ার সঙ্গে দেখা করতে গেলে মন্ত্রী সেদেশ থেকে সার আমদানির প্রস্তাব দেন। এ বিষয়ে তারা দীর্ঘ সময় বৈঠক করেন এবং একমত হন।
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৮ থেকে ১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮ শিল্প সহায়তা বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী মোহাম্মদ এস. হিদায়াতের অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেন রাষ্ট্রদূত জাইনুদ্দিন।
শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, ভৌগোলিক অবস্থান ও বিশাল যুব জনগোষ্ঠীর কারণে বাংলাদেশ ধীরে ধীরে বিশ্ব বাণিজ্য ও শিল্পায়নের আকর্ষণে পরিণত হচ্ছে।
ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের গুরুত্ব তুলে ধরে দীলিপ বড়–য়া বলেন, এ সম্মেলন ডি-৮ সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে শিল্পায়ন ও অর্থনৈতিক সহায়তার নতুন ধারার সূচনা করবে।
বৈঠকে শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮১৯ ঘ.
bdnews24