চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে জারি করা গ্রামীণ ব্যাংক সংশোধনী অধ্যাদেশ বাতিলের দাবিতে চট্টগ্রামে কর্মসূচি ঘোষণা করেছে ‘নোবেলজয়ী ড. ইউনূস সুহৃদ’ নামের একটি সংগঠন।
আগামী ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম শহীদ মিনারে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ দাবিতে অবস্থান ধর্মঘট করবে তারা।
বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, “এই অধ্যাদেশ সংসদে অনুমোদিত হলে গ্রামীণ ব্যাংক তার স্বকীয় বৈশিষ্ট্য হারাবে এবং ব্যাংকের ৮৪ লাখ গ্রাহকের অধিকার ক্ষুন্ন হবে।”
সংগঠনের আহবায়ক ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মু. সিকান্দার খান বলেন, “আমরা আশঙ্কা করছি, সরকার গ্রামীণ ব্যাংকের সুদের হার কমিয়ে দিয়ে ভোটের রাজনীতি করতে পারে।”
মুহাম্মদ ইউনূসের পক্ষে চট্টগ্রামবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বা বগুড়ায় হত এবং ড. ইউনূস যদি সেই এলাকার লোক হত তাহলে তার সাথে সরকার এমনটা করতে পারত না।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক আবুল মোমেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/১৪০৮ ঘ.
bdnews24