ফরিদপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করায় ফরিদপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছাসহ পাঁচ জনের নামে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে ফরিদপুর কোতয়ালী থানায় এ মামলা করেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কে এম সেলিম।
মামলার অন্য আসামিরা হচ্ছেন জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সহ-সভাপতি এবি সিদ্দিকী মিতুল, সাধারণ সম্পদক একে কিবরিয়া স্বপন ও শহর যুবদলের সভাপতি রেজাউল ইসলাম।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানিয়েছেন, মঙ্গলবার রাতে কে এম সেলিম বাদি হয়ে পাঁচ বিএনপি ও যুবদল নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সংখ্যক লোককে আসামি করে এ মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয় ‘মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের এক বেআইনি জনসমাবেশে আসামিরা বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের হত্যার হুমকি দিয়েছে।’
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে।
“আমি বঙ্গবন্ধু সম্পর্কে কোন অশোভন উক্তি করিনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২৮ ঘ.
bdnews24