ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকারের রুলিংয়ের বিরুদ্ধে দেয়া উচ্চ আদালতের রায়কে উস্কানি ও দূরভিসন্ধিমূলক বলে আখ্যায়িত করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
মঙ্গলবার নবম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, “স্পিকারের এই রুলিং না থাকলে সংসদ থাকে না। এই বিচারবিভাগ থাকে না এবং বিচারপতিরাও থাকেন না। এই রুলিংয়ের বিরুদ্ধে দেওয়া রায় শুধু উস্কানিমূলকই নয়, দূরভিসন্ধিমূলকও।”
গত মে মাসে এক বিচারপতির সংবিধান লঙ্ঘনের অভিযোগ নিয়ে স্পিকার রুলিং দেন। তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রুলিংয়ের আইনগত কোনো ভিত্তি নেই বলে পর্যবেক্ষণসহ রায় দেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ।
স্পিকারের রুলিংয়ের বিরুদ্ধে দেওয়া রায়কে ‘কা-জ্ঞানহীন’ বলে উল্লেখ করেন তিনি। সুরঞ্জিত বলেন, “এমন কোনো মার্শাল ল নেই, যেখানে বিচারপতিরা ছিলেন না।”
এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্যে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসিত করার জন্য ৭২ এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবি জানান সাংসদ তোফায়েল আহমদ ও শেখ ফজলুল করিম সেলিম।
তোফায়েল বলেন, “স্বাধীন বাংলাদেশের বাহাত্তরের সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ করার ক্ষমতা ছিল জাতীয় সংসদের। তাই বাহাত্তরের সংবিধান ফিরিয়ে এনে বিচারকদের ইমপিচ করতে সংসদের এখতিয়ার ফিরিয়ে আনুন।”
এ বিষয়ে দেওয়া বক্তব্যে রাজনৈতিক বিবেচনায় বিচারপতি নিয়োগের প্রসঙ্গ টেনে আনেন তোফায়েল।
তিনি বলেন, “এখন পলিটিক্যালি বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে। শুনেছি তিনি (আলতাফ) আইন মন্ত্রীর জুনিয়রও ছিলেন। বিচারপতি হতে হলে ধারাবাহিকভাবে দশ বছর উচ্চ আদালতে প্র্যাকটিস করতে হয়। তার কনটিনিউয়াস দশ বছর নেই।”
তোফায়েল আহমেদ স্পিকারের রুলিংয়ের ওপর রায় প্রসঙ্গে তার অবস্থান তুলে ধরে বলেন, “আমার দৃঢ় বিশ্বাস- এই রায় কোর্টে বসে দেওয়া হয়নি।”
এর আগে শেখ ফজলুল করিম সেলিম একই বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, “বিচারপতিরা গায়েবি ও ভূতুড়ে রায় দিয়েছেন। বিচারপতিরা তাদের সীমা লংঘন করেছেন।”
স্পিকারকে উদ্দেশ্য করে তোফায়েল বলেন, “আপনার বিরুদ্ধে মামলা পরিচালনা করলেন বিশ্বজিৎ রায় নামের এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। কে এই বিশ্বজিৎ রায়?”
এই মামলায় স্পিকারের বক্তব্য শোনা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, “কে এই আলতাফ হোসেন? ২০০১ সালে আইনজীবীর সনদ পেলেন। এরপর ব্যারিস্টারি করতে লন্ডনে চলে গেলেন। আমাদের সময়ে এএজি আর ডিএজি হলেন মনিকের (এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক) কোর্টে। বিচারপতি হয়ে আবার বসলেন মানিকের কোর্টে।”
বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ভাইয়ের ছেলে জাফর নামে একজনকে বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হলেও তারও আইনজীবী হিসাবে দশ বছর হয়নি বলে দাবি করেন তোফায়েল আহমেদ।
প্রসঙ্গত, ব্যারিস্টার জাফর আহমেদ বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বড় ভাই ব্যারিস্টার ওমর ফারুকের মেয়ে ব্যারিস্টার ইলোরা আহমেদের স্বামী। জাফর আহমেদ ১৯৯৫ সালের জানুয়ারি মাসে হাইকোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন।
বিচারপতি নিয়োগে প্রার্থীদের যোগ্যতা নিয়ে সাংসদ তোফায়েলের বক্তব্য সম্পর্কে বিচারপতি জাফর আহমেদের ঘনিষ্ট একটি সূত্র জানায়, জাফর আহমেদ ছাত্র জীবনে মেধাবী ছিলেন। তিনি এসএসসিতে প্রথম বিভাগ ও এইচএসসি মেধা তালিকায় স্থান লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও এলএলবি পাস করেন। সেখানেও ভাল ফলাফল করেন।
শেখ সেলিম বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা মানে এই নয় যে- যে যা খুশি বলবেন, যে ভাবে খুশি চলবেন। বিচারপতিরা আইনের বাইরে নয়। বিচার বিভাগ স্বাধীন। কিন্তু সার্বভৌম নয়।”
বিচারপতিরা এই রায় দিয়ে তাদের শপথ ভঙ্গ করেছেন বলেও দাবি করেন শেখ সেলিম। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই বিচারপতিদের ‘ইমপিচ’ করার দাবি জানান তিনি।
শেখ সেলিমের বক্তব্যের পর স্পিকারের আহ্বানে আইন মন্ত্রীর অনুপস্থিতিতে বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
এই বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে আবেদনের কথা উল্লেখ করে কামরুল বলেন, “এই বিষয়টি মাথায় রেখেই আলোচনার অনুরোধ করছি।”
একই বিষয়ে আওয়ামী লীগের ছায়েদুল হক বলেন, “এটি সংসদের সার্বভৌমত্বের ওপর আঘাত। বিচারপতিরা বিচারের আসনে বসে ভুল করছেন। সংবিধানের ৭৮ অনুচ্ছেদের ব্যাখ্যা হাইকোর্ট দিতে পারে না।”
“সংবিধানের ৯৬ অনুচ্ছেদ ১৯৭২ এর আদলে ফিরিয়ে না আনলে এদেশে পাকিস্তানের মতো বিপর্যয় ঘটবে। পাকিস্তানে একজনের প্রধানমন্ত্রিত্ব গেছে। আরেকজনের যাওয়ার পথে। বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে না আনলে এখানেও সে রকম ঘটনা ঘটবে।”
জাতীয় সমাজতান্ত্রিক দলের মাইনউদ্দিন খান বাদল জানান, “বিচার বিভাগ স্বাধীন। আর, সংসদ সার্বভৌম। সার্বভৌম ও স্বাধীন সমার্থক শব্দ নয়। এই সংসদ সংবিধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্ম দেয়। এই রায়ে সংবিধানের জন্মদাতাকে হেয় করা হয়েছে।”
বাদল আরো বলেন, “আদালতকে মনে রাখতে হবে আমরা সার্বভৌম, তারা স্বাধীন। সংবিধানের ৭৮ অনুচ্ছেদের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আদালতকে কে দিয়েছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, বিচারকদের আরো পড়ালেখা করা উচিত। আমাদের মনে রাখতে হবে, বিচারিক স্বৈরতন্ত্র দেশকে কোথায় নিয়ে যায়, পাকিস্তান তার প্রমাণ।”
বাদল জানান, ১৯৯৩ সালে সেই সময়ের তথ্যমন্ত্রী নাজমুল হুদার বক্তব্যের বিষয়ে বিচারপতি মোস্তফা কামাল বলেছিলেন, মন্ত্রী যা বলেছেন তা আপত্তিকর। কিন্তু আদালত তা আমলে নিতে পারবে না। কারণ সংবিধান সংসদকে সেই ক্ষমতা দিয়েছে।
ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, দুই বিচারপতি সংবিধানের ৭৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য প্রস্তাব পাঠানো যেতে পারে। একই সঙ্গে তাদের ব্যাপারে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, “এদেশের সকল সাংবিধানিক অপকর্মের সঙ্গে বিচারপতিরা জড়িত ছিলেন। একজন প্রধান বিচারপতি প্রধান সামরিক আইন প্রশাসকও হয়েছিলেন। যার মাধ্যমে তিনি এদেশে গণতন্ত্রের ক্ষতি করে গেছেন।”
মেনন আরো বলেন, এ দুই জন বিচারকের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।
আওয়ামী লীগের ফজলে নূর তাপস বলেন, শুধুমাত্র পত্রিকার প্রতিবেদনের উপর ভিত্তি করেই সংসদে এ ধরনের আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে সংসদ ও বিচারবিভাগকে নিজেদের বিষয়ে সজাগ থাকতে হবে। কোনোভাবে স্পর্শকাতর বিষয়ে আলোচনা সমীচীন হবে না।
“একটি প্রতিক্রিয়াশীল শক্তি সংসদ ও বিচারবিভাগকে মুখোমুখি করাতে চায়। এ ফাঁদে পা দেওয়া যাবে না। স্পিকারের রুলিং নিয়ে আদালতের পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। তাকে কোনোভাবে রায় বলা যাবে না। এটা অবজারভেশন, কোনোভাবে আইনি বাধ্যবাধকতা নয়,” জোর দিয়ে বলেন শেখ ফজলুল করিম সেলিমের ভাস্তে।
এসময় স্পিকার তার মনোযোগ আকর্ষণে নিশ্চিত করেন তা আদালতের রায় ছিল।
জাতীয় সমাজতান্ত্রিক দলের হাসানুল হক ইনু বলেন, “বিচারপতিদের মনে রাখতে হবে তারা আইনের ঊর্ধ্বে নন, তারা সংসদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। সংসদ আর বিচার বিভাগের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে।”
“সৃষ্ট পরিস্থিতিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করাই হবে উত্তম।”
প্রায় আড়াই ঘণ্টার এই আলোচনায় আরো অংশ নেন ফজলে রাব্বি মিয়া এবং জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু।
এরপর স্পিকার আব্দুল হামিদ বলেন, “এই দেশের স্পিকার হিসাবে আমি বলতে চাই- এটা ভূমি বিরোধ বা হত্যা মামলা নয়। এটা সংবিধান নিয়ে আলোচনা। সাব জুডিশিয়াল হওয়ার প্রশ্নই ওঠে না।”
এ বিষয়ে পরবর্তীতে মন্তব্য জানাবেন বলেও আশ্বস্ত করেন স্পিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএল/২২১২ ঘ.
bdnews24