চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-১০ আসনের সরকারদলীয় সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে বন্দর শ্রমিকদের ‘উস্কানি’ দেওয়ার অভিযোগ এনেছে বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
তিনি দাবি করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে যখন বন্দরের অপারেশনাল কাজ চলছে, ঠিক সেসময় একটি মহলের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে শ্রমিকদের ক্ষেপিয়ে তোলার অপচেষ্টা চালানো হচ্ছে।
“গত ৩ সেপ্টেম্বর এম এ লতিফ বার্থ অপারেটরদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। একজন দায়িত্বশীল সংসদ সদস্য হিসেবে তার এ বক্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়।”
এম এ লতিফ বার্থ অপারেটরদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন অভিযোগ করে ফজলে ইকরাম বলেন, তার এ ‘মিথ্যাচারে’ শুধু নিজের ক্ষতিই বয়ে আনে না এতে সরকারেরর ভাবমূর্তিও ক্ষুন্ন হয়।
বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দরপত্রে ১২ টি শর্ত সংশোধন করে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার ‘চক্রান্ত’ চলছে অভিযোগ এনে আন্দোলন করছেন সাবেক মেয়র মহিউদ্দিন।
এ আন্দোলনের বিরোধিতা করে নৌ-মন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন বন্দর এলাকার সাংসদ এম এ লতিফ।
বার্থ অপারেটররা মহিউদ্দিন চৌধুরীর সমাবেশে যোগ দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। সেখানে তারা বন্দরে অচল করে কোনো কর্মসূচি সমর্থন করেন না বলেও জানান।
বার্থ অপারেটররা গত ১ সেপ্টেম্বর মহিউদ্দিন চৌধুরীর বৈঠকে যাওয়ার পর থেকে এম এ লতিফ তাদেরকে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন। যেগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
এছাড়া বার্থ অপারেটর এবং মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বন্দর ‘অস্থির’ করার অভিযোগ এনে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংসদ লতিফ সমর্থিত শ্রমিক সংগঠন ‘চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/১৯০০ ঘ.
bdnews24