বরিশাল, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন।
সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান আবুল হাসান বালীর বিরুদ্ধে বানারীপাড়া থানায় সোমবার রাতে মামলাটি করেন ইউএনও আব্দুল আলীম খান ওয়ারেশী।
মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের বরিশাল আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
বানারীপাড়ার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী দরিদ্রদের দেওয়ার জন্য ভিজিএফ ফান্ড থেকে কিছু চাল বিশেষ বরাদ্দ দেন।
ইউনিয়নে দুই হাজার ৮০ জন দরিদ্রের মধ্যে বিতরণের জন্য গত ১৩ অগাস্ট ইউপি সদস্য উত্তম কুমার ঘরামী উপজেলা খাদ্য গুদাম থেকে ২০ হাজার আটশ’ কেজি চাল উত্তোলন করেন।
কিন্তু এক হাজার ৫শ’ জনের মধ্যে বিতরণ করে বাকি ৮৭ বস্তা (চার দশমিক ৪৩৭ মেট্রিকটন) চাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রেখে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগে তদন্ত এবং পরে ইউনিয়ন পরিষদ থেকে ওই চাল উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতিআবুল হাসান বালী বলেন, খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করতে বিলম্ব হওয়ায় ঈদের আগে কার্ডধারীদের মধ্যে তা বিতরণ করা সম্ভব হয়নি।
“চাল নিয়ে যাওয়ার জন্য কার্ডধারীদের খবর দেওয়া হয়েছিল। তারা আসার আগেই একটি মহল আমাকে হয়রানি করার জন্য এ ঘটনা ঘটিয়েছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮১২ ঘ.
bdnews24