রাঙামাটি, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক নয় বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
মঙ্গলবার রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এ সরকারের চার বছরেও চুক্তি বাস্তবায়িত হয়নি এবং আদৌ হবে বলে মনে করি না।”
“পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সরকার মুখে চুক্তি বাস্তবায়নে আন্তরিকতা দেখালেও দলীয়ভাবে পার্বত্য চুক্তি বিরোধী,” বলেন সন্তু।
পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাঙামাটির আশিকা আউটার স্টেডিয়ামে এ সম্মেলনে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি রিপেশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জয়িতা চাকমা, জনসংহতি সমিতির জেলা সভাপতি নিলোৎপল খীসা, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ জেলা সাধারণ সম্পাদক তাপস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রিয় সভাপতি ত্রিজিনাদ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৪৮ ঘ.
bdnews24