ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার মামলায় সিআইডির এএসপি ফজলুল কবিরের সাক্ষ্য শুরু হয়েছে। মামলার পরবর্তী দিন রাখা হয়েছে ২০ নভেম্বর।
মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মাদ আনিসুর রহমানের আদালতে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সাক্ষ্যে ফজলুল কবির জানান, ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি আসামি আরিফ হাসান সুমন, মুরসালিন ও মুত্তাকিনের পাসপোর্ট ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আলামত হিসেবে জব্দ করেন।
তিনি বলেন, “ওই আলামত রমনা বটমূলে বোমা হামলা মামলারও আলামত হিসেবে জব্দ করতে তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।”
সাক্ষ্যগ্রহণের পর এ মামলার আসামি মো. আবু তাহেরের পক্ষে অ্যাডভোকেট জসিম উদ্দিন জেরা করেন ফজলুল কবিরকে।
তার জেরার পর আসামি সুমনের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল গণি টিটো অসুস্থ থাকায় তার পক্ষে জেরা মূলতবি করে সময় প্রার্থনা করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২০ নভেম্বর জেরার দিন ধার্য করেন।
এ মামলায় ৮০ জন সাক্ষীর মধ্যে ৫৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। আহত হন আরো অনেকে। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
ছয় জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০০৮ সালের ২৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন। আসামিদের মধ্যে আট জন কারাগারে ও একজন জামিনে রয়েছেন। বাকি পাঁচ আসামি পলাতক।
আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান, মাওলানা সাব্বির, আরিফ হাসান সুমন, শাহাদাত উল¬াহ জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ ও হাফেজ মাওলানা ইয়াহিয়া। জামিনে রয়েছেন মাওলানা আকবর হোসেন।
পলাতক পাঁচ আসামি হলেন- মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান, ও মুফতি আবদুল হাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬৪৫ ঘ.
bdnews24