ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেওয়ার জন্য সিঙ্গাপুরের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা সফররত সিঙ্গাপুরের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকিফলি মাসাগোস প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি স্বাস্থ্য ও সেবা খাতে বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেওয়ার আহবান জানান।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জুলকিফলি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকে আরো বেশি সিরামিক পণ্য, ওষুধ ও তৈরি পোশাক আমদানির জন্য শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রতিমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।
সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ বিশাল বাজারের কথাও তুলে ধরেন।
বিভিন্ন ক্ষেত্রে সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা ও জুলকিফলি মাসাগোস।
এ সময় বিভিন্ন খাতে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন সিঙ্গাপুরের প্রতিমন্ত্রী।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/১৬১৫ ঘ.
bdnews24