২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বন দূষণ কমাতে প্রকল্প অনুমোদন

সৌর বিদুৎ ব্যবহারের মাধ্যমে কার্বন উৎপাদন কমানো এবং কার্বন দূষণ বন্ধের কার্যক্রমকে উৎসাহিত করতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌর বিদুৎ ব্যবহারের মাধ্যমে কার্বন উৎপাদন কমানো এবং কার্বন দূষণ বন্ধের কার্যক্রমকে উৎসাহিত করতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় করবে সরকার। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের সভায় এ প্রকল্পসহ মোট চারটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই চার প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫০ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার টাকা। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, বোর্ডের আগের সভায় “মিটিগেশন অ্যান্ড লো-কার্বন ডেভেলপমেন্ট” নামের এ প্রকল্পে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এবার কিছু সংশোধনীসহ প্রকল্পটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের তিন হাজার ২০৮টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হবে। প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া হবে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত তহবিল’ থেকে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সংযোগ রয়েছে দেশের এমন তিন হাজার ২০৮টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হবে। এসব কেন্দ্রে গ্রামীণ জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন তথ্য সেবা পাওয়া নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কামাল পাশা বলেন, সভায় অনুমোদন পাওয়া অন্য তিনটি প্রকল্পের মধ্যে দুটিই কার্বন উৎপাদন কমানো সংক্রান্ত। এর মধ্যে কক্সবাজার এলাকার ‘ইকো-রেস্টোরেশন অব হিল ফরেস্ট’ প্রকল্পের জন্য দুই কোটি ৪৪ লাখ এবং মধুপুর বনাঞ্চলের বন ও এর ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর পুনর্বাসন প্রকল্পের জন্য নয় কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন অধিদপ্তর এগুলো বাস্তবায়ন করবে। অন্য প্রকল্পটি নেওয়া হয়েছে উপকূলীয় এলাকার জন্য সহনশীল অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের জন্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বাছাই করা সংকটাপন্ন এলাকায় এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ ৬২ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/১৫৫৫ ঘ.