২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্তি: তৃতীয় দিনের মতো অবস্থানে শিক্ষকরা

ব্যানার, ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। গত রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট (মিলন-সুশান্ত), বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদ ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের (এশারত-তাপস) ব্যানারে শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন। বিভিন্ন জেলার শিক্ষক-কর্মচারীরাও এতে অংশ নিচ্ছেন। সংগঠন তিনটির সমন্বয়ক সভাপতি মো. হানিফ উল্লাহ মঙ্গলবার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চলবে। দাবি আদায়ে শিক্ষকরা রাতেও প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে এখনো কেউ আমাদের সঙ্গে কথা বলেনি।” নি¤œ মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ, কৃষি ডিপ্লে¬ামা ইন্সটিটিউট, ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, ভোকেশনালসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। “সরকার আমাদের দাবি আদায়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি”, বলেন হানিফ। দুপুরে প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, ব্যানার, ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে শতাধিক শিক্ষক সেখানে অবস্থান করছেন। দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য দেওয়ার পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে লেখা গানও পরিবেশন করা হচ্ছে। শিক্ষক নেতারা জানান, সারাদেশে সাত হাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ ১৫ হাজারের মতো শিক্ষক-কর্মচারী রয়েছেন। গত মাসের শেষের দিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানানো হয়েছিল। ১ সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে সরকারি ঘোষণা না এলে ২ সেপ্টেম্বর থেকে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে বলে শিক্ষক নেতারা আগেই ঘোষণা দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/১৫৩০ ঘ.