২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ

পশ্চিমবঙ্গের সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ আর নেই। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে মঙ্গলবার কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ আর নেই। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে মঙ্গলবার কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। কলকাতা সাহিত্য আকাদেমি পুরস্কার ও আনন্দ পুরস্কার পাওয়া এই সাহিত্যিকের বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুর খবরে পশ্চিমবঙ্গের সাহিত্যিক ও শিল্পী মহলে শোকের ছায়া নেমে আসে। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার জানায়, শেষ ইচ্ছা অনুযায়ী নিজের জেলা মুর্শিদাবাদেই এ সাহিত্যিককে সমাহিত করা হবে। বাংলা ভাষার এই লেখকের জন্ম ১৯৩০ সালে ১৪ অক্টোবর, মুর্শিদাবাদের খোশবাসপুর গ্রামে। কিশোর বয়সেই বাড়ি থেকে পালিয়ে যুক্ত হন নাটকের দলে। উপন্যাস ও ছোট গল্প রচনার পাশাপাশি দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় কাজ করেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। তার লেখা গল্প ও একাধিক বই ইংরেজিসহ বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। প্রথম উপন্যাস ‘নীলঘরের নটী’ প্রকাশের পরপরই কলকাতার সাহিত্য অঙ্গনে আলোচনায় চলে আসেন সিরাজ। তার উপন্যাসগুলোর মধ্যে ‘কিংবদন্তীর নায়ক’, ‘হিজলকন্যা’, ‘উত্তর জাহ্নবী’, ‘নিশিমৃগয়া’, ‘এক বোন পারুল’ দারুণ পাঠকপ্রিয় হয়। কিশোর পাঠকদের জন্য তিনি সৃষ্টি করেন রহস্য ঘেরা চরিত্র ‘গোয়েন্দা কর্নেল’। সিরাজের লেখা চিত্রনাট্য থেকে বেশ কয়েকটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৭৫২ ঘ.