চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মশার কয়েল থেকে বসতঘরে আগুন লেগে নগরীর বাকলিয়া এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী (৫৫) বাকলিয়া থানার মিয়াখান নগরের বৌবাজার এলাকার সরবত আলীর ছেলে।
ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুনে একটি বসতঘর ও এর পাশের দুইটি দোকান পুড়ে গেছে। চন্দনপুরা ফায়ার ব্রিগেডের একটি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার ব্রিগেডের উপ সহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার পর ওই বসতঘর থেকে পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে আসতে পারলেও মানসিক ভারসম্যহীন আকবর আলী বের হওয়ার চেষ্টা করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১২৩৫ ঘ.
bdnews24