২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) এক সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 06:18 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) এক সদস্য নিহত হয়েছেন। নিহত আব্দুল জলিল (৪৩) কুষ্টিয়ার মিরপুর উপজেলার ইশালমারী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সোমবার গভীর রাতে মিরপুরের কুর্শা ইউনিয়নের কুলাপাড়ার একটি ইটভাটায় বন্দুকযুদ্ধে তিনি নিহত হন বলে পুলিশ দাবি করেছে। পুলিশের ভাষ্য মতে, জলিল চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে। এছাড়া একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের সাজা হয়েছিল। এ অভিযানের নেতৃত্বদানকারী সিনিয়র সহকারী পুলিশ সুপার সিএ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুলাপাড়া গ্রামের আজিজের ইটভাটায় সশস্ত্র চরমপন্থীরা বড় ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটানোর লক্ষ্যে গোপন বৈঠক করছিল। রাত সাড়ে ৩টায় মিরপুর থানা ও কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি যৌথ টিম সেখানে অভিযানে যায়। “পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের বন্দুকযুদ্ধে জলিল গুলিবিদ্ধ হয়।” গুলিবিদ্ধ জলিলকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি জানান, অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ছয়টি গুলি ও দুটি বোমা উদ্ধার করা হয়। মিরপুর থানার ওসি শিকদার মশিউর রহমান বলেন, জলিল কুষ্টিয়ার মিরপুর, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা, মেহেরপুরের গাংনী ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় চরমপন্থী সংগঠনের হয়ে কর্মকাণ্ড চালাতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১২১০ ঘ.