নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি কভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন জন।
নিহত আনোয়ার হোসেন (৩৭) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খানবাড়ি মুন্সীবাড়ি এলাকার মৃত আকবর হোসেনের ছেলে। আহতদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টায় মদনপুর-মদনগঞ্জ সড়কের দাশেরগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বন্দর থানার ওসি আকতার হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল ৭টায় উপজেলার দাশেরগাঁও এলাকায় তিন জন আরোহীসহ সিএনজিচালিত একটি অটো রিকশাকে আকিজ সিমেন্ট কোম্পানির একটি কভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
গুরুতর আহত হয় নজরুল ইসলাম (২৮), নুরুল ইসলাম (২২) ও চালক মাসুম (৩০)।
আহতদের মধ্যে গুরুতর আহত নজরুল ও নুরুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১২৩৪ ঘ.
bdnews24