২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আ.লীগের মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি

মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 04:59 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় দারুল ফজল মার্কেটে সংগঠনের নগর কার্যালয়ে বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী নেতা কর্মীদের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি’র অনুসারী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভায় নগরীর আওতাধীন ৩৫টি ওয়ার্ড ও ইউনিটের সদস্য সংগ্রহ ও নবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে, মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ‘বন্দর রক্ষা কমিটি’ আগামী ৯ সেপ্টেম্বর লালদিঘী ময়দানে সমাবেশের আয়োজন করলেও বর্ধিত সভায় সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। তবে, বন্দর রক্ষার আন্দোলনে যারা এগিয়ে আসবে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ তাদের পাশে থাকবে বলে সভায় সিদ্ধান্ত হয় বলে তিনি জানান। এদিকে, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলার নেতাদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক কাজী এনামুল হক দানু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, একেএম বেলায়েত হোসেন, এমএ রশিদ, শফিকুল ইসলাম ফারুক, শফিক আদনান, সৈয়দ মাহমুদুল হক, ইফতেখার সাইমুল চৌধুরী, তারেক সোলায়মান সেলিম, জহিরুল আলম দোভাস, মোহাম্মদ হোসেন, জহর লাল হাজারী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২২৫১ ঘ.