শেরপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও চাঁদাবাজির মামলায় সোমবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফি উদ্দিনের সোমবার ঝিনাইগাতী থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে শেরপুর সদর থানা হাজতে রাখা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইগাতী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার (২৯ অগাস্ট) বিকালে ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন (৩৫), তার চার ভাই ও এক ভগ্নিপতি একসঙ্গে মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান সফি উদ্দিনকে ঝিনাইগাতী বাজারে মারধর, চাঁদাদাবি করেন, এবং নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেন।
এ ঘটনায় চেয়ারম্যান সফি উদ্দিন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় ভাইস চেয়ারম্যানসহ ছয়জনের নামে এবং অজ্ঞাত পরিচয় আরো ৫/৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
অপর আসামিরা হলেন মোফাজ্জলের ভাই আজিজুল ইসলাম, নান্টু, আজাদ, বাদশা আলম এবং ভগ্নিপতি আনোয়ার হোসেন ওরফে মন্টু হাজী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24