সাভার, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বত্তরা।
রোববার রাত ১১টার দিকে পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় রুবেল মিয়াকে (৩২) ছুরিকাঘাত করা হয়। সোমবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের রুবেল মিয়া (৩২) সাভারে একটি হারবাল কোম্পানির বিপণন সহকারী হিসেবে কাজ করতেন। তিনি মাগুরা জেলার লিয়াকত মোল্লার ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দুর্বৃত্তরা ছুরি মেরে পালিয়ে যাওয়ার পর লোকজন রুবেলকে আশংকাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
“পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24