২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন ‘পাচারকারী’ গ্রেপ্তার

রাজধানী মোহাম্মদপুর থেকে পাঁচজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলেছে, এদের একজন হেরোইন পাচারকারী চক্রের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বের ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী মোহাম্মদপুর থেকে পাঁচজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলেছে, এদের একজন হেরোইন পাচারকারী চক্রের সদস্য। রোববার রাতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা থেকে ‘পাচারকারী’ শামসুল আরেফিন তুহিনকে (২৫) গ্রেপ্তারের পর বাকি চারজনকে সাভারের একটি কুরিয়ার সার্ভিসের শাখা কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সোমবার পাঁচজনকেই সাংবাদিকদের সামনে আনা হয়। বাকি চারজন হলেন- সাদেকুল আলম (৩২), মোহাম্মদ সোহাগ (২৫), শ্রীবাস পোদ্দার (৩২) ও মহসিন সরদার (২৬)। এদের মধ্যে সাদেক অ্যারামেক্স কুরিয়ার সার্ভিসের সাভার শাখার ব্যবস্থাপক, অন্যরা কর্মচারী। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইনও পাওয়া যায় বলে গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছে। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) মশিউর রহমান বলেন, “তুহিন একজন আন্তর্জাতিক হেরোইন পাচারকারী দলের সদস্য। সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাজ্যে তার খালাত ভাই শাহ আলম সুমনের কাছে হেরোইন পাঠাত।” বার্মিংহামে অবস্থানরত সুমন যুক্তরাজ্যে একজন পাকিস্তানির সঙ্গে হেরোইন বিক্রি করেন বলে তুহিন জিজ্ঞাসাবাদে জানিয়েছে। মশিউর বলেন, “পাকিস্তান থেকে হেরোইনের চালানগুলো বাংলাদেশে আসে। তুহিন উত্তরার আশকোনা থেকে দুই পাকিস্তানি নাগরিকের কাছ থেকে তা গ্রহণ করে জুতার ভেতরে বিশেষ কৌশলে প্যাকিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লন্ডন পাঠাত।” তুহিন পুলিশ হেফাজতে সাংবাদিকদের বলেন, “প্রতিবার হেরোইন পাঠানোর জন্য ২৫ হাজার টাকা পেতাম।” সাদেকুল বলেন, “তুহিনের এন্ট্রি করা প্যাকেটটি চেক করার পর দেখতে পাওয়া যায় যে জুতার নিচে বিশেষ কৌশলে হেরোইন রাখা। পরে কর্মচারীরা হেরোইন রেখে তুহিনের দেওয়া জুতা ও লুঙ্গি যুক্তরাজ্যে পাঠিয়ে দেয়।” “কর্মচারীরা তুহিনকে জানিয়ে ওই হেরোইনের অর্ধেক ১৫ হাজার টাকায় বিক্রি করে দেয়,” বলেন তিনি। তবে কর্মচারী শ্রীবাস দাবি করেন, হেরোইন ভাগ করে ব্যবস্থাপক অর্ধেক নেন, বাকি অর্ধেক কর্মচারীদের দেন। পুলিশ কর্মকর্তা মশিউর রহমান বলেন, তুহিন অ্যারোম্যাক্স ছাড়া আরো কয়েকটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত পাঁচ বছরে অন্তত ৫০ বার হেরোইন যুক্তরাজ্যে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১১৪ ঘ.