২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘বন্দর রক্ষা পরিষদ’ এর বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালকে (এনসিটি) প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে নগরীর ২০টি স্থানে বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালকে (এনসিটি) প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে নগরীর ২০টি স্থানে বিক্ষোভ হয়েছে। সোমবার সকাল ১১ টায় এসব স্থানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন ‘বন্দর রক্ষা পরিষদ’ এ বিক্ষোভ করে। বিক্ষোভ কর্মসূচিতে বন্দর কর্মচারী পরিষদ, ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা অংশ নেন। সকাল ১১ টায় বন্দর ভবনের সামনের রাস্তা, ইপিজেড মোড়, দেওয়ানহাট মোড়, জিইসি মোড়, নিউমার্কেট মোড়, আদালত পাড়া, মুরাদপুর, বহদ্দারহাট, ওয়াসা মোড়, লালদিঘী পাড়সহ ২০ টি স্থানে বিক্ষোভ হয়। আগামী ৯ সেপ্টেম্বর লালদিঘী মাঠে সমাবেশ সফল করতে ওই সব স্থানে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকার, ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াছ, হাবিবুর রহমান প্রমুখ। বন্দর রক্ষা পরিষদের অভিযোগ- নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য যে দরপত্র আহবান করা হয়েছে সেখানে ১২ টি গুরুত্বপূর্ণ শর্ত পরিবর্তন করা হয়েছে। একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য নিয়ম ভেঙে এসব শর্ত পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ এনে আন্দোলন করছেন সাবেক মেয়র ও বন্দর উপদেষ্টা কমিটির সদস্য এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৫ ঘ.