২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংবাদিক দম্পতি হত্যার তদন্তে সফলতা আসবে’

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে সফলতা আসবে বলে আশা করছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা/রংপুর, ০৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে সফলতা আসবে বলে আশা করছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। সোমবার রংপুরে বিভিন্ন অনুষ্ঠানে তিনি বলেন, আলোচিত এই হত্যা মামলার তদন্ত চলছে। অন্য গুরুত্বপূর্ণ মামলার মতো এই মামলায়ও সফলতা আসবে, এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর আস্থা রাখতে হবে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে সবকথা বলা ঠিক হবে না, বলেন তিনি। তিনি দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলায় বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও গঙ্গাচড়া মডেল থানার উদ্বোধন অনুষ্ঠান এবং কমিউনিটি পুলিশের এক সভায় এসব কথা বলেন। হাইওয়ে পুলিশের সদস্যদের চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, হাইওয়ে পুলিশের কেউ বিধিসম্মতভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। হাইওয়েগুলোতে দুর্ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি। হাসান মাহমুদ খন্দকার বলেন, বর্তমান সরকারের সদিচ্ছার কারণেই পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। ফলে অপরাধ প্রবণতা বিগত দিনের তুলনায় বহুলাংশে কমে গেছে। জঙ্গি তৎপরতাও নেই। রংপুরের পীরগাছা ও মিঠাপুকুর থানার ওসিদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দায়িত্ব পালনকালে সমস্যার সৃষ্টি হতে পারে। ভুল বোঝাবুঝি হতে পারে। তবে কোনো অভিযোগ থাকলে এবং তা যথাযথ তদন্তে প্রমাণিত হলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি নবগঠিত রংপুর রেঞ্জে আরো লোকবল নিয়োগসহ সার্বিক বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানগুলোতে হাইওয়ে পুলিশের ডিআইজি হুমায়ুন কবীর, রংপুর রেঞ্জের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা, পিআরপি’র জাতীয় প্রকল্প পরিচালক সিআইডি প্রধান মোখলেছুর রহমান, রংপুরের পুলিশ সুপার সালেহ মো. তানভীর, হাইওয়ে পুলিশ সুপার ইসরাইল হাওলাদার, ইউএনডিপি’র পিআরপি প্রকল্প ব্যবস্থাপক হেংক ভ্যানজিল, কান্ট্রি ডিরেক্টর রবার্ট জুখাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/ডিডি/১৮৫০ ঘ.