কক্সবাজার, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলার পানেরছড়ায় সোমবার দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন চিকিৎসক আহত হয়েছেন।
আহতদের মধ্যে সংকটাপন্ন ডা. চৈতী সাহা ও ডা. নুরুজ্জামানকে ঢাকায় পাঠানো হয় বলে জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছন।
আহত অপর ১৪ চিকিৎসককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অজয় ঘোষ সাংবাদিকদের বলেন, বিকাল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চিকিৎসকদের বহনকারী কক্সবাজারমুখী বাসটির সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়।
কুমিল্লায় প্রশিক্ষণে যাওয়া ৪০ জন চিকিৎসক রাঙ্গামাটি হয়ে কক্সবাজার আসার পথে ওই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, আহতদের মধ্যে দুইজনের গুরুতর। এদের মধ্যে ডা. চৈতী সাহা ‘কোমা’য় রয়েছেন। তাকে এয়ারবাসে করে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া ডা. নুরুজ্জামানের অবস্থাও সংকটাপন্ন।
অপর বাসের কোনো যাত্রী হতাহত হয়েছে কি না তা তিনি জানাতে পারেননি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. পুচনু বলেন, প্রশিক্ষণের অংশ হিসেবে এই ৪০ চিকিৎসক বিভিন্ন এলাকা ভ্রমণে বেরিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৩ ঘ.
bdnews24