ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণে গঠিত কমিশনকে সহায়তা দিতে একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খানকে এই দায়িত্ব দেয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, এ দায়িত্ব পালনের জন্য মাহমুদ রেজা খানকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর আন্তঃসম্পর্ক, কার্যক্রম, পুঁজি গঠন এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নে গত ১৬ মে এই কমিশন গঠন করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সাবেক সচিব মো. মামুনুর রশিদকে প্রধান করে গঠিত এই কমিশনে সদস্য হিসাবে আছেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও মোসলেহ উদ্দিন আহমেদ। পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ড. এম এ কামাল এই কমিশনে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। গ্রামীণ ব্যাংক ও সহযোগী সংস্থাগুলোর কার্যক্রমে নানা অসঙ্গতির তথ্য উঠে আসে ওই কমিটির প্রতিবেদনে।
অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে গত বছর ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ইউনূস এর বিরুদ্ধে উচ্চ আদালতে গেলেও তা খারিজ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/এমকে/জেকে/১৮০৭ ঘ.
bdnews24