২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হামলায় শ্রমিকলীগ নেতা নিহত

সিরাজগঞ্জে বালু মহালের দখলকে কেন্দ্র করে হামলায় এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বালু মহালের দখলকে কেন্দ্র করে হামলায় এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত নাসির উদ্দিন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগ নেতা। রোববার সকাল ১১টার দিকে যমুনা নদীর বানতিয়ার ও বড়পিয়ার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও টাঙ্গাইল ভূয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি সরকারের কাছ থেকে যমুনা নদীর সাতালিয়া ও পোতালিয়া দু’টি বালু মহাল ইজারা নেন লিলি এন্টারপ্রাইজের মালিক আরিফুল ইসলাম শিপন। এ নিয়ে বালু ব্যবসায়ী শহরের আব্দুস সাত্তারের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। কিছুদিন আগে শিপন ওই বালু মহাল দু’টি শ্রমিকলীগ নেতা নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজলু, টিটু ও রিজভীর নামে করে দেয়। রোববার তারা ৫০/৬০ জন লোক নিয়ে তিনটি নৌকায় করে বালু উত্তোলনের উদ্বোধন করতে যান। প্রত্যক্ষদর্শী মালসাপাড়ার ভুট্টো জানান, তারা বানতিয়ার চরের কাছাকাছি পৌঁছালে সাবেক কমিশনার সাত্তারের নেতৃত্বে অস্ত্রসস্ত্র সজ্জিত দেড় শতাধিক লোক ৭/৮টি নৌকা ও একটি স্পিড বোটে করে এসে তাদের পেছনের নৌকাটিতে হামলা চালায়। এ সময় তারা স্পিড বোট থেকে ৪/৫ রাউন্ড গুলি ছুড়ে এবং সবাইকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে নৌকাটি নদীতে ডুবিয়ে দেয়। হামলায় শ্রমিক নেতা নাসিরসহ অন্তত ২০ জন আহত হন। পরে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় নাসির উদ্দিনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে শহরের হোসেনপুর মহল্লার টাবু সরকারের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), ময়নাল সেখের ছেলে টুটুল (৩৫), মিরপুর মহল্লার ইব্রাহিমের ছেলে মিরন (৪০), দিলীপ কুমারের ছেলে গোবিন্দকে (৩০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া টিক্কা (৪১), বুলবুল (৩৮), ইমরান (৪১), সাগর (৪১) নামে তিন জনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ভূঞাপুর থানার ওসি মো. হারেছ আলী মিঞা। এদিকে ঘটনার প্রতিবাদে দুপুর ২টা থেকে একঘণ্টা বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মুলিবাড়ি মোড়ে মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নদী এলাকা ও শহরের হোসেনপুর, পুঠিয়াবাড়ি ও ধানবান্ধি মহল্লায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮৫৪ ঘ.